প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, May 2, 2026

মে দুই'এ দুজন

 সঙ্গে করে নিয়ে যাবে ঝড়


বৃষ্টি আসবে তাই     জানালায়  দাঁড়িয়ে রয়েছি

বৃষ্টি আসবে তাই     সব খাল    নদীদের মুখ

আমার ঘরের মুখে  ফিরিয়ে     নিয়েছি।

বৃষ্টি আসবে তাই     ধুয়েমুছে    রেখেছি আকাশ

বৃষ্টি আসবে তাই     তারাদের    পাঠশালা ছুটি

দিয়েছি নিজের      হাতে ঘন্টা   বাজিয়ে।

উঠানে পুকুরপাড়ে  মাঠে খোলা ছাদে

নামিয়ে রেখেছি     বই             খাতাপত্র

বানান অক্ষর।       বৃষ্টি এসে     ধুয়ে দেবে

সঙ্গে করে             নিয়ে যাবে ঝড়।

 





রঙ মিলান্তি


কি রঙে আঁকবো মেঘ

নাঙ্গা আকাশ ঘাস

পুকুরের উদ্‌লা বুকে

নুয়ে পড়া গাছডাল, শাখা?

কিংবা ঝড়ের দিনে

সেই হাওয়া-চুল যা’তে

খুলে গেছে

দূরের ঝরোখা?

কি রঙে আঁকবো মুখ

মানুষের? কি রঙে আঁকবো 

রক্ত? পঞ্জরে

বিঁধে থাকা তীর? কি রঙে আঁকবো

শান্তি কল্যাণের মতো

নুড়ি পাথরের রক্তে

মিশে থাকা

বিন্দু শিশির?


ঘুম ঘর