বৃষ্টিবাদল হচ্ছিল তাই
১।
বৃষ্টিবাদল থামার পরেও
একটি দু'টি বিন্দু ঝরে
ডালের থেকে পাতার থেকে
একটি দুটি কথার মতন
যেসব কথা একটি দুটি
হয়না কিংবা যায়না বলা
কথার পিঠে কথার ভিড়ে
অনেক অনেক কথার পরে
হঠাৎ নামা নীরব থেকে
বৃষ্টিবাদল থামার পরেও
একটি দু'টি বিন্দু যেমন
ডালের থেকে পাতার থেকে
তেমনি দুটি একটি কথা
শুনবো কবে? বলবো কবে?
নতুন বাদলবৃষ্টি নিয়ে
আকাশ সাজে আকাশ সাজে।
২।
বৃষ্টিবাদল হচ্ছিল তাই সড়ক ফাঁকা
সদর গলী ঘাট আঘাটা বৃষ্টি মাখা, বৃষ্টি ঢাকা
একটি কিশোর কাক কেন যে ভিজছে একা
চিলেকোঠার টিনের চালে এই বাদলে
বৃষ্টিবাদল মাখতে থাকা এই বিকালে।..
#
বৃষ্টিবাদল মাখতে থাকা এই বিকালে
অনেক দূরে, হতেও পারে গ্রহান্তরে
বৃষ্টিবাদল ছাঁট এড়াতে গাছতলাতে
কেউ আছে কি ছাত্তি ছাড়া দাঁড়িয়ে একা?
ভিজতে থাকা কিশোর-কাকের বন্ধু নাকি?
#
ভিজতে থাকা কিশোর-কাকের বন্ধু নাকি?
ভিজতে ভিজতে অপেক্ষাতে রয় কি কাকের?
দূর শহরে কাক-কিশোরও প্রতীক্ষাতে
কাঁটাতারের শহরসীমায় তাকিয়ে থাকে?

