প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...
Showing posts with label পুনরায় ক্যালিফোর্নিয়ার. Show all posts
Showing posts with label পুনরায় ক্যালিফোর্নিয়ার. Show all posts

Tuesday, November 3, 2015

আমেরিকার ডায়রী। ২০১৫। শেষ পর্ব




আমেরিকার ডায়রী। ২০১৫।
শেষ পর্ব

যখন উড়ান সেই
ফিজি কিংবা মেক্সিকো বা নিউইয়র্ক থেকে
তখন “স্বদেশ” মানে ভারতবর্ষ আর
ডেরা মানে ঋণে কেনা
ফ্ল্যাট্‌বাড়ি –
বেঙ্গালোর, পুণা কিংবা
মাদ্রাজ নামের শহরও
তখন তোমারি দেশ –
জ্ঞাতি –জাতি, ভ্রাতা –

উড়ান যখন সেই
বেঙ্গালোর, পুণা কিংবা
মাদ্রাজের থেকে
তখন “স্বদেশ” বলতে
বরাক, কাছাড় কিংবা
অবিখ্যাত কোনোও জেলার
ন্যালাখ্যাপা বিমান বন্দর ...

সেই “এরোড্রাম” থেকে
ভাড়া ট্যাক্সি করে 
যখন খুঁড়িয়ে চলা
তখন স্বদেশ মানে
নটীখাল, কুশিয়ারা, বরাক আর দুরন্ত লঙ্গাই –
ঝিম্‌ধরা মফস্বলে দুই নদী, দুদিকে বাজার
নিজস্ব ঠিকানা বলতে ছোটো ভিটেবাড়ি
“রক্ত জল করে” গড়া আমার বাবার –
জ্ঞাতি মানে শব্জিওয়ালা, মাছঅলা, মাঝি –
জমির সীমানা নিয়ে ঝগড়া করা পুরোনো পড়শী
ফিজি কিংবা মেক্সিকো বা নিউইয়র্ক আর
বেঙ্গালোর, পুণা কিংবা মাদ্রাজের থেকে
-এদের-এদেরি আমি আজো ভালবাসি...

Wednesday, October 21, 2015

আমেরিকার ডায়রী। ২০১৫। পর্ব -৩





আমেরিকার ডায়রী। ২০১৫।
পর্ব -৩

এ কোনো শহর নয়। এসএফও সমীপবর্তী
মফস্বল। অফিস অঞ্চল।
হাইওয়েতে ধাবমান গাড়িগুলি ছাড়া
টিম্‌টিমে নাই্ট ক্লাব এক
নিরীহ রাত্রির শেষ বিষাদসম্বল।
“পোল্‌” ধরে ঘুরে ঘুরে নেচে যায়
ম্যাক্সিকান ও নিগ্রো মেয়েগুলি।
বার্‌ ঘিরে গল্প করে
খালাসী ও আদার ব্যাপারী
অভ্যাসে উঠে গিয়ে টিপ্‌স্‌ দেয় –
দুই ডলার। বড়জোর পাঁচ।
যেহেতু আগুন নয়, তাই
কিনারে বসেও মর্মে
কোনোরূপ আঁচ
লাগেনা কারোরি।
ধীরে সুস্থে বসে থেকে
জনি ওয়াকার কালো
লার্জ শেষ করি।

এ দেশে যখনি আসি
প্রথমবারের কথা
মনে আসে – প্রতিবারই  আসে –
মনেপড়ে কি নিবিড় মমতা ও আতিথেয়তায়
“এনআরআই” তামিল দম্পতী
হাত ধরে শিক্ষা দিয়েছিল
কাপড় কাচার যন্ত্র – কয়েন চালিত –
ট্রেনের টিকিট কাটা – কয়েন চালিত
ভিড় রাস্তা পার হয়ে যাওয়া
নিজহাতে লালবাতি জ্বেলে ...
ভুল হলে প্রশ্রয়ের হাসি
পতীপত্নী উভয়েরি ঠোঁটে খেলেগেছে ...
তামিল সে “এনআরআই” মহিলার ভাই
আমারি বয়সী নাকি, একা একা থাকে কোন্‌
ইংলন্ডের চাকরিশহরে ...
হয়তো আমার পাতে সম্বর আর ভাত দিতে দিতে
দূরের সে ভ্রাতাটিকে তার মনেপড়ে ...
আমার মর্মে সেই বিভূতিভূষণ
হানা দিয়ে যান তাঁর প্রিয় ঘোড়া চড়ে...



আমেরিকার ডায়রী। ২০১৫। পর্ব -২




আমেরিকার ডায়রী। ২০১৫।
পর্ব -২

নেমেছে আদিম রাত্রি
হিল্‌স্‌ডেল্‌ ষ্টেশনে, শহরে…
প্রবাসী মেঘেরা ওই
যূথবদ্ধ – ঘরে –
ফিরেযায়। শেষ হলো
উড়ে ফেরা – তাদেরো কি –
দেশে দেশে আকাশবন্দরে?


হিল্‌স্‌ডেল্‌ ইষ্টিশানে রাত।
ম্যাক্সিকান রতিরমণীর
শীৎকারনিহিত হাসি ভাসে –
ট্রেন গুলি আসে
যেদিকে যাবোনা আর
সেদিকের নিশান উড়িয়ে...

হিল্‌স্‌ডেল্‌ ইষ্টিশানে রাত।
নিগ্রোনীর উরুতের মতো
আদিম এ রাতের বাতাসে
বিষাদী উইলোবৃক্ষ
কেঁপে ওঠে
শীতে, কামে, ত্রাসে –

ট্রেন গুলি আসে
যেদিকে যাবোনা আর
সেদিকের নিশান উড়িয়ে...
হিল্‌স্‌ডেল্‌ ইষ্টিশানে রাত
পাশ ফেরে
ঝড় হবে – এ সঙ্কেত দিয়ে ...

ঘুম ঘর