প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, December 21, 2014

স্ব-ইচ্ছায় বিস্মৃতির কাছে ...



স্ব-ইচ্ছায় বিস্মৃতির কাছে ...
যেহেতু এ উদ্‌যোগ-পর্ব তাই
সে এখন যত্ন নিচ্ছে পূর্বাপর বিস্মৃত হতে
তাকে নিয়ে আমাদের লেখা
হিংস্র চিঠি, রক্তছাপ, সপ্রসংশ টীকা টিপ্পনীও।

বহুসন্ধ্যা একা বসে মর্মের অন্তর্গত প্রিয় গুহাটিতে
সে জেনেছে বাস্তবিকই
কেউই তার কিছু নয় – আর -
আমরাতো ছারপোকা, ছিনেজোঁক, শোণিত-সন্ধানী –
ফলতঃ উদ্যোগপর্বে স্ব-ইচ্ছায় বিস্মৃতির কাছে
একে একে ফিরিয়ে দিয়েছে
তাকে নিয়ে আমাদের লেখা
হিংস্র চিঠি, রক্তছাপ, সপ্রসংশ টীকা টিপ্পনীও।
এবার সে একা যাবে
মোহনার রেখা ধরে শান্ত সন্তরণে...

এবার সে একা যাবে
মোহনার রেখা ধরে সন্তরণে তবু
এখনো কি আমি,তুমি –
অমল, কমল, রাম
শ্যামা, রমা, আজিজুল কিংবা ইন্দ্রজিৎ
গহনে সক্ষম হবো
বিস্মৃতির হাতে দিয়ে তার সব ভ্রম, পাপ,রক্তদাগ এবং টিপ্পনী
নিভৃতে স্মৃতিতে আনতে
শুধু তার জন্মদাগ, জন্মমুখ, অভিমান এবং নিভৃতি? ...

ঘুম ঘর