প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, January 29, 2015

চেনা গানের কলি






চেনা গানের কলি
অনেক যুগের চেনা গানের কলি
পুষ্প হঠাৎ, অজানা অঞ্জলি
ছড়িয়ে দিয়ে মর্মগত ঝর্না জলস্রোতে
ছন্দে জাগায় নতুন ভূগোল, নতুন অলিগলি…

অনেক যুগের চেনা গানের কলি
ভূমিকাহীন হঠাৎ পুষ্প হলে
সম্মোহিত শুধাই তারে আমিঃ
“এতোটা যুগ কুঁড়িই কেন ছিলে?”

“আমিতো সেই কবের থেকেই ফুল” –
জানায় চুপে পুষ্প কিংবা যুগান্তরের কলিঃ
“অলি তো নও – অন্ধ মানব ছিলে –
এতোটা যুগ তাই দেখনি –
তাই করেছো ভুল...”

অন্ধ কী নই? অদ্যাবধি? ভাবি –
মর্মে জাগে নতুন ভূগোল –
নতুন নদী, নতুন অলিগলি…

ঘুম ঘর