প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, August 16, 2015

শারদীয়



 শারদীয়


আবার বনের দিকে হাঁটা।

আসন্ন শরৎ কাঁপে
ঘাসফুলে, পাতায় পাতায় ...
অলীক গোধূলি কাঁপে
নামহীন সব নদীজলে...

গো শিশির, কাল প্রাতে তুমি
মুছে দিয়ো ইচ্ছা আর পদচিহ্নগুলি।
অগোচরে তুলে রাখা শব্দের ওষধি সঞ্চয়ও
সমূলে বিলিয়ে দিয়ো
সকালে উঠানে আসা পাখিসখাদের...


বহুদিন দূরে আছি
বন থেকে, বনপথ থেকে-
শরণার্থী হেন আছি
অক্ষরের হাড্ডি আগ্‌লে
নিরক্ষর যাপন-হুল্লোড়ে-
গো শিশির, আজরাতে তুমি
আমাকে দেখিও পথ
বনান্তরে
                             চাঁদ ডুবেগেলে ...



ঘুম ঘর