হার্টক্রেন
“লেভেল-ক্রশিং – দাঁড়িয়ে আছে ট্রেন
এখন তুমি
পড়ছো কি হার্টক্রেন?” – শক্তি চট্টোপাধ্যায়, মনে পড়লো, ধর্মে আছো জিরাফেও আছো
“Give me your hands,
Friends! No,— it is not fright...
But hold me... somewhere I heard demands...
And on the window licks the night.”
-Fear, Hart Crane
এ’ই সেই হার্টক্রেন –সম্ভবতঃ অধুনা বিস্মৃত
কবি ও মানুষ – জলে ডোবা নগরীর মতো।
বিশুদ্ধ সিদ্ধান্ত মতে যদিও ‘সব দিকই ওকে’ ছিল তবু
জানালার কাঁচে মুখ রাখা রাত্রি আর তার জিহ্বা দেখে
“ভীত নই। তবু হাত ধরো” –এই কথা অন্ধকারে ডেকে
প্রত্যেক হাতের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে একে একে
তেত্রিশ না পেরোতেই একা
শেষ ঝাঁপ – শেষহীন জলের গভীরে...
ব্রুক্লীন ব্রীজ থেকে তাঁর প্রেতের লিখিত চিঠি আজো
বাতাসেও বৈতরণী স্রোতে ভাসে, ওড়ে –
হাত ফেরতা ছোট বই খানি
হেসে ওঠে-মধ্যরাতে-আমার শিয়রে...