প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, August 23, 2019

উদ্ধৃতির ভিড়

উদ্ধৃতির ভিড়
হারাইয়াছ, এ অরণ্যে, পথ, আজ, পথিক তুমিও?
গন্তব্য, অন্য কোথা, আর কোনখানে, ছিল বুঝি,
পথিক,  তোমার?  সে কোথায়? যেখানে আঁধার
আলোর অধিক হয়ে ফুটে থাকে?  তাহলেও
 তিষ্ঠ ক্ষণকাল, কেননা, জন্ম, হায়, হয়, বংগে,
তোমাহেন, পথিক, আমার!
হে পথিক,  কুসুম ফুটেছে, দেখো, কুসুমে কুসুমে
ছেয়ে আছে বৈতরণী, গোদাবরী তীর।
শশী কি সত্য জানে কুসুমের মন নাই, সকলই শরীর?
#
নিজ কন্ঠস্বর খুঁজে, নিজস্ব বাক্যটি খুঁজে, হে পথিক,
এ অরণ্যে এতাবৎ যা পেয়েছি সে কেবল
 ব্যবহৃত,  অপ-মৃত উদ্ধৃতির ভিড়।

ঘুম ঘর