প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, September 26, 2022

অঙ্কনের সরল পদ্ধতি

 অঙ্কনের সরল পদ্ধতি

আয়তক্ষেত্র, অসমান। মাথায় ত্রিভুজ। হেলে পড়া। 
ঘর। বাড়িঘর। ঘরের দেওয়ালে দুটি ছোট বর্গক্ষেত্র
দুই ধারে। জানালা। 
হাটখোলা। 
জানালাদের মোটামোটি মধ্যবর্তী স্থানে
আরেকজন আয়তক্ষেত্র। রোগা।
 দরজা ইনি। নেই
ছিটকিনি, পাল্লা, চাবিতালা। 
ঘরের পাশেই দুই জোড়া
সমান্তরাল দাগ। শীর্ষে বাঁকা বাঁকা
মেঘের মতন টান। পাতা। গাছ
পাতা। কাছাকাছি পাশাপাশি দুটি
সাইন-কার্ভ। নদি। 
এককোণে ছোট বৃত্ত।একা।
ইনি সূর্য। রাত হ'লে চাঁদ। শেলেট পেন্সিলে
আঁকা
মায়ার সংসার।
এঁকেছিলে। সকলেই আঁকে। কিন্তু কিভাবে যাবে?
শেলেট পেন্সিলসহ
অঙ্কনের এ সরল পদ্ধতি 
গৃহ থেকে, গ্রহ থেকে
কবেই ফেরার।

ঘুম ঘর