চতুর্থ দুপুরে
রোজই একবার যেতো। অন্তত একবার যেতো
দুই বন্ধু। এক ফাঁকে দেখে আসতো
আছে কিনা। ফিরতো হতাশ হয়ে
‘আছে’ দেখে। তিন তিনটি দিন
এরকমই গেলো। তারপরে …। হারাক বা
চুরি হয়ে যাক – এই ভেবেই পুরনো সাইকেল
তালা খুলে রেখে আসা
নদীপাড়ে, বাজারের পিছে। – নূতন সাইকেল চাওয়ার
শেষতম পন্থা রাহুলের। তিন তিনটি দিনরাত্রি
গেলো এভাবেই। সাইকেল
গেলোনা কোথাও। চতুর্থ দুপুরে দেখা গেলো …।
দেখা গেলো কেউ একজন এদিকওইদিক দেখে, কয়েকবার
দেখে তবু কাউকে না দেখে সাইকেলের কাছে এলো। ক্রিং ক্রিং
ঘন্টি বাজালো। ঘন্টি বাজিয়ে দেখলো। নেড়ে চেড়ে দেখলো
হ্যান্ডেল। দেখলো প্যাডেল
ঘোরে কি’না। সবই ঠিকঠাক দেখে চেপে বসতেই
রাহুল চিল্লিয়ে উঠলো গুপ্ত স্থান থেকে
“এই নামো। নেমে পড়ো। আমার সাইলেল …”।
অথচ হারাক কিংবা চুরি হয়ে যাক – এই ভেবেই পুরনো সাইকেল
তালা খুলে রেখে আসা
নদীপাড়ে, বাজারের পিছে।
