প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...
Showing posts with label জাতক. Show all posts
Showing posts with label জাতক. Show all posts

Wednesday, May 18, 2016

পরজন্মে ,প্রলয়ের রাতে



পরজন্মে ,প্রলয়ের রাতে

না, আর অক্ষর নয়
পরজন্মে দিয়ো সুর
রাখালিয়া অথবা মল্লার
কন্ঠে কিংবা বীণায়,বাঁশিতে
ভিক্ষা দিয়ো ভাটিয়ালি
মালকোষ, যোগিয়া, কেদার ...

এই জন্ম ছাই হলে হোক্‌
সুরের অরণ্যে ঘুরে
অক্ষরের ঝরাপাতা কুড়াতে কুড়াতে ...

পটমঞ্জরীর মতো অমলিন অশ্রু দিয়ো
পরজন্মে – প্রলয়ের রাতে –

Monday, May 16, 2016

হে ঘুমপাহাড়, হা ঘুমপাহাড়



হে ঘুমপাহাড়, হা ঘুমপাহাড়

ঘুমশহরে বিষ্টি পড়ে
   সারাটি দিন ধরে
ঘুমশহরে এলাম উড়ে
    অনেক জন্ম পরে।

এক জানালা ঘুমে নিঝুম
    পর্দা দোলে কালো
আর জান্‌লায় গীটার জাগে
     চুঁইয়ে আসে আলো।
ঘুম শহরে ঘুম থই থই
  রাতের রাস্তা দিয়ে
কতোই গেছি- আরেক জন্মে –
 জান্‌লাছবি নিয়ে –

পাহাড় ঘুমায় তা’ও জানালায়
    রাত্রি জাগে কারা?
হিম তাড়াতে আগুন পোহায়
   পাহাড়িদের পাড়া।
কিসের গল্প করছে তারা?
    হল্লা কাকে নিয়ে?
হাওয়ার সওয়ার হয়ে গেছি
    তাদের কিনার দিয়ে...

এই জনমে ঘুমশহরে
    দিনের বেলার পাড়ি –
মেঘলাপাহাড় বক্ষে যাহার
   ছন্দের ঘরবাড়ি ...

ঘুমশহরের পাহাড়ি বৌ
    বাচ্চা পিঠে নিয়ে
চল্লো কোথায় ঘুমদুপুরে
    মেঘের গলী দিয়ে?

হে ঘুমপাহাড়, হা ঘুমপাহাড়
    কোথায় ভুলে ফেলে
ভুলজীবনে দিলাম পাড়ি
    কেন ভুলের রেলে?

এই জনমে ঘুম যাযাবর
  পাহাড় মানেই স্মৃতি-
হে ঘুমপাহাড়, হা ঘুমপাহাড়
  ডাকতে আমায় যদি
শুদ্ধোধনের সেই ছেলেকে
  যেমন কবে পথ
ডাকতে গিয়ে নিজের ডাকে
  নিজেই হলো নদী ...

Monday, April 25, 2016

পরদৃশ্যে




পরদৃশ্যে
মঞ্চে পা রাখামাত্র
ছুটে এলো দর্শকের ঢিল, গালাগালি।
উড়ে এলো বুলেট, বল্লম।
অর্থাৎ দৃক্‌পাতমাত্র আমিই বিজয়ী।
যদিও এহেন জয় প্রত্যাশিত ছিল
তথাপিও আকাঙ্ক্ষিত ছিলনা কদাপি।

যেহেতু আয়াসহীন এ বিজয়, তাই
বুলেট,বল্লম,ঢিল – এবম্বিধ মহা-অর্ঘ্যগুলি
প্রত্যাখ্যান করে আমি,  ওহে মুগ্ধ দর্শকের দল,
পরদৃশ্যে ফিরে আসব
টুপি খুলে ভিক্ষা চাইতে
পরাজয়, স্তুতি ও সাবাশি –

তখনো আমাকে তোমরা, ওহে মূর্খ দর্শকের দল,
জিতিয়ে দিয়োনা এইভাবে ...

ঘুম ঘর