প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...
Showing posts with label শিলালিপি. Show all posts
Showing posts with label শিলালিপি. Show all posts

Tuesday, December 18, 2018

"ধূলোর নাগর"


"ধূলোর নাগর"


ধূলো ওড়ে,
পথের শিয়রে।

"ধূলোর নাগর", তুমি এভাবে ভোলাবে
পথদিশা? দিশাপথ? - আমাকে বিপথে
নেবে বলে এত ছল?
                 এত আয়োজন? "ধূলোর নাগর"
আমি ধূলোতেই ফিরেযাব বলে
ধূলো দিয়ে লিখেছি এ ঘর।


"ধূলোর নাগর", এসো যুগল প্রয়াসে
              বাতাসনূপুরপরা নর্তকীর দোরে
                                           টোকা দিই
                                                 উড়ে যেতে যেতে।
[স্মরণঃ "কবি", তারাশংকর ]

৩০/১১ - ১৮/১২/২০১৮

Saturday, September 29, 2018

স্টেশনবাবুর মেয়ে


স্টেশনবাবুর মেয়ে






দূরপাল্লার ট্রেন থেমেছে ছোট্ট ইস্টিশনে।
বিকাল হারায় লাগিয়ে দিয়ে
               "হলুদ বনে বনে"।
দু'এক মিনিট থেমে থাকার ফাঁকে
দু'একটি লোক নামে। আমার জান্‌লা থেকে
একটি বাড়ি,টালির,দেখি
               হাঁটাপথের দিকে।
কোত্থেকে এক সত্যি ময়ূর এসে
পেখম ছড়ায় টালির বাড়ির
              চিলতে বারান্দাতে।
ট্রেন ছেড়েযায়, তক্ষুনি,হায়,
             এই ছবিটি ছিঁড়ে।
সন্ধ্যা ঘনায়, শিরীষশাখায়
             চাঁদ ওঠে লাফ দিয়ে।
#
কে পোষে ওই ময়ূর, ভাবি,
স্টেশনবাবুর মেয়ে?

৮/৭/২০১৮-২৯/০৯/২০১৮

Thursday, September 27, 2018

মিথ্যাবাদী রাখাল বালক


মিথ্যাবাদী রাখাল বালক

দেখো, আমি তোমাদেরই নিরুদ্দিষ্ট ছেলে
অনেক নক্ষত্র, গ্রহ পেরিয়ে এসেছি ফের
পথ চিনে, গৃহপথে, শৈশবের লুপ্ত গ্রহান্তরে-
যেভাবে শরৎ আসে, পথ চিনে, বর্ষার শেষে।
#
দেখো, আমি তোমার সে প্রবল প্রেমিক
যার হাত ছেড়ে তুমি চুড়ি কিনবে বলে
দৌড়ে গিয়েছিলে দূর শীতের মেলাতে -
তোমার দংশন চিহ্ন দেখো কাঁধে স্পষ্ট জেগে আছে।
#
দ্যাখ্‌, আমি তোদেরই সে নিরুদ্দিষ্ট পিতা
সাতনড়ি হার আর হীরার বাটের ছুরি
কিনে দেবো বলে গ্রহান্তরে ঠিকানা হারিয়ে
ফিরেছি এ রাংতাছুরি, পুঁতিমালা নিয়ে ...
#
দেখো হে বন্ধুরা, দেখো, আমিই সে প্রিন্স্‌ মিশ্‌কিন্‌,
বেতাজ বাদশা বলে যাকে তোমরা চেনোনি কখনো।
ভিনগ্রহ থেকে আমি তোমাদের জন্য এই পালক এনেছি -
স্মৃতির টুপিতে গুঁজলে টুপি হয় কাঁটার মুকুট...
#
দেখো হে দর্পণ, দেখো, আমিই সে মিথ্যাবাদী রাখাল বালক
সত্য আর্তনাদে যার আসোনি তোমরা কেউ বাঁচাতে - তথাপি -
দেখো হে, ফিরেছি আমি বাঘের দাঁতের মালা গলায় দুলিয়ে -
#
হে দর্পণ, বলো দেখি, এবার আর কোথায় পালাবে?

২২/০৯/২০১৮

"গ্রহান্তরের নিশিলিপি" গ্রন্থভুক্ত

ঘুম ঘর