প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, September 9, 2013

আসা...





আসা...

সে আসিবে?
আসিবে নিশ্চিত।
কে আসিবে? জানিনা সে ঠিক –
শুধু জানি আসিবে সে,
আসিবে সঠিক।

পদব্রজে আসিবে কি?
আসিবে কি রথে?
শব্দগুলি মোরামের মতো
বিছিয়ে রেখেছি তার পথে –

যে আসিবে সে’কি প্রেত?
রাজপুত্র? হাতে তলোয়ার?
মানচিত্রে ভুল রাস্তা,
রাস্তা জুড়ে কুশাঙ্কুর, হাড় –
যদি সে হারায় পথ?
যদি তাকে গিলে খায় পথে
কড়ি কিংবা সূঁচের পাহাড়?

তবু সে আসিবে ঠিক –
ঈশ্বরের ছদ্মবেশে শয়তান
অন্যথায়
শয়তানের পোষাকে দেবতা,
‘আসিবে সে’ এইমাত্র
ধ্রুবসত্য যদি
শেষ সত্য অপেক্ষার
শান্ত নীরবতা।।

ঘুম ঘর