প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, February 18, 2016

তোমার কাটা ঘুড়ির পিছে





তোমার কাটা ঘুড়ির পিছে

“মন গরীবের কি দোষ আছে, তারে নিন্দা কর মিছে।
বাজিকরের মেয়ে তারে যেমন নাচায় তেমনি নাচে”।। -কমলাকান্ত ভট্টাচার্য


মন গরীবের কি দোষ আছে?  তারে নিন্দা কর মিছে।
নিন্দনীয় শ্বেত কণিকা তুমিই দিলে নীল শোণিতে।।
ছয় দারোয়ান দাঁড় করালে পালিয়ে যাওয়ার ছয় গলীতে-
চাতক করে রাখলে তোমার নাভির ইঞ্চি দুয়েক নীচে…


বাজিকরের কন্যা সেজে বশ করেছো চার খুঁটিতে।
মূষিক হয়ে তবুও নিজেই মধ্যযামে কাটছো ভিটে।।
গোগ্রাসে নয় গিলছো আমায় তাড়ির মতন চুমুক দিয়ে-
মন গরীবের কি দোষ আছে, নিচ্ছ নিজেই সক করিয়ে…

হাতের মুঠোয় ভাগ্যরেখা, স্মৃতির রেখা ললাট জুড়ে-
তোমার কৃপায় দিবস নিশি চিতার মতন যাচ্ছে পুড়ে।
জমছে শুধু আখর গুলি পুণ্যলগ্নে পুড়বে বলে –
যদিও জেনো প্রেমের মড়া ডোবেনা এই গঙ্গাজলে।

মন গরীবের কি দোষ আছে?  তারে নিন্দা কর মিছে।
সে’তো কেবল দৌড়ে বেড়ায় তোমার কাটা ঘুড়ির পিছে।।

ঘুম ঘর