প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, August 2, 2022

নীলকুঠি বারান্দার রাত

নীলকুঠি বারান্দার রাত

 



ঝড় বাদলের রাতে      বজ্র ঈশারাতে

তোমায় পেলাম নীল    কুঠির বারান্দাতে।

সামনে নাবাল মাঠে     নীল ফসলের সাথে

জখম, জুলুম, খুন        রাত্রে দিনে কতো

হয়েছে তার              হিসাব জানেনা তো

কুঠির দেওয়াল          থাম ও খিলান যতো।

তবুও তারা বলে         রাত্রি নিঝুম হলে 

ফিসফিসিয়ে             কুঠির ইতিহাস।

কোন্‌ খানে কার         লাশ রয়েছে পোঁতা

দাগ ঢেকেছে             গুল্ম, লতা, ঘাস।

ঝড় বাদলের রাতে      বজ্র ঈশারাতে

তোমায় পেলাম ওই     কুঠির বারান্দাতে।

 

তুমি আমায়             বলোনি 'কেন এলে?'

বলিনি 'ফুল              তোমার উপবনে

তুলিতে চাই              পূজার কিংবা

অন্য কোনো              ছলে।'

বজ্রে পোড়া              বৃক্ষ বলেছিল

'এখন চুপ                এসব কথা যাক

কথাচ্ছলে                পেরিয়ে সব বাঁক'।

বজ্রপাতের স্বরে        দেহে কাঁপন ধরে          

বাঁশের                    পাতার মতো।

বল্লে 'উতল ধারা         বাদল থামেনি তো।

সামনে নাবাল          মানুষ-পোঁতা মাঠ'।

বল্লে, বলেই              কিসের ভয়ে কাঠ।

 

কাঠ মানে গাছ        বজ্রপাতের পরে

এইবারে নীল          কুঠিই গেলো পুড়ে।

নাবাল জমি           এবং আমি একা

নীরব কুহু              বাক্যহারা কেকা।

সেই থেকে সব       ঝড়বাদলের রাতে

নাবাল নীল-মাঠে    তোমার-আমার দেখা।

 

মাঠের জল           সাঁতরে চলে সাপ

জলের গায়ে          কেটে জলের রেখা।।

ঘুম ঘর