এবার পুষ্প-ঋতু এলে
বলেছিলে পুষ্প ভালবাসো। সকল খামারে তাই
লাগিয়েছি গোলাপের চারা। নিয়োগ করেছি মালী —-
অন্তিম মোহর-মুদ্রা বিক্রি করে, কৃতান্ত-বাজারে।
এবার পুষ্প-ঋতু এলে, গোলাপ ফুটবে না'কি
কুঁড়ি ও পাপড়ি গুলি ভস্ম হবে, হয়ে যাবে ছাই —-
জানিনা। জানতে চাইনা। আমার সাঙ্গ হলো খেলা,
অন্যথায় কাজ। এইবারে আমি তবে যাই।
#
আবডালে পুষ্প নয়, তোমাকেই ভালবেসে আমি
বলেছি মিথ্যা কথা, নিয়েছি পুষ্প-পত্র-শাখার শরন।
তোমাকেই মুগ্ধ করতে পুড়িয়েছি প্রাকৃত খামার আর
গোলাপের চারা দিয়ে ঢেকেছি সকল ক্ষত, সমস্ত কফিন –---
যা'তে তুমি সারাদিন, সারারাত ধরে, থাকো মগ্ন পুষ্প-ক্রীড়াতে।
#
এবার পুষ্প-ঋতু এলে কুঁড়ি ও পাপড়ি গুলি পুষ্প না'কি হয়ে যাবে ছাই —-
জানিনা। জানতে চাইনা।আমার সাঙ্গ হলো খেলা। আমি যাই।
[শ্রীমতী মধুশ্রীকে]
সপ্তর্ষি বিশ্বাস
৩১।১০।২২ —- ০১।১১।২২
প্রবেশিকা
ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি
ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...