প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, November 3, 2022

বাদামি ঘোড়ার গল্প

 বাদামি ঘোড়ার গল্প





একজন বাদামিরঙ ঘোড়া
আমাদের এ গলী ধরে
হেঁটে যায় মধ্যরাতে
ধীরে সুস্থে
একা।
#
জানলা থেকে তাকে দেখে ভাবি
এ গলীতে ঘোড়া আছে কার?
কে ঘোড়া পুষতে পারে
আমাদের এ নুন-পান্তা-পাড়ার গলীতে?
বাদামি এ ঘোড়া যদি কারো পোষা, তবে
কোথায় চলেছে একা, এই মধ্যরাতে?
এই নুন-পান্তা-গলীতে
কোথায় সংকুলান হবে বাদামি বা
শাদা, কালো কোনোও ঘোড়ার? স্থান কোথা
নৈমিত্তিক জীর্ন অভিধানে?
রাতের বাতাস
বাদামি ঘোড়াকে ঘিরে
একাধিক খটকা নিয়ে আসে।
#
অশ্ব,জিন,খুর,অশ্বারোহী –--- এবম্বিধ শব্দগুলি
বাদামি এ ঘোড়াটির মতো, অপর গলীতে, ক্রমে,
মিশে গেলে পরে আমার খটকাগুলি নিয়ে
জানালাতে আমি থাকি, চালচিত্রে
হ্রেষা থাকে বাদামি ঘোড়ার



সপ্তর্ষি বিশ্বাস
০৩।১১।২২






ঘুম ঘর