প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, February 6, 2025

দিদিকে, তাৎক্ষণিক

 দিদিকে, তাৎক্ষণিক 


“কাল রাতে  তোকে  স্বপ্নে দেখলাম ।সেই  আগের  তুই এখনকার তুই না ।” —- শর্মিদি, ৬.০২.২৫



এখনের আমি জানি কি কখন এসেছে আজ?

চাই তো আঁকড়ে থাকতে পুরনো, হারানো সাজ।

মর্ম-গ্রহ'তে এ নিয়ে যে গৃহযুদ্ধ —-

জানি সবই বৃথা, জানি সব পথই রুদ্ধ।

বিগত গ্রহের গৃহে ফিরবার সাধটি

হতো যদি কোনো পলকা বালির বাঁধটি

তাহলেও তাকে পেরোনো কি হায়, সম্ভব?

‘আজ’ শুধু শোনা গত কালকের পাখি-রব।

উড়ে যদি যাই জাদু মন্ত্রে সে গ্রহতে ফের,

যদি ডুবও দিই নীল পেটে এই সমুদ্রের

পাবো নাকি ভুলে ফেলে আসা যতি, শব্দ সব?

তাদের জায়গা নেয়নি কি আজো ত্যক্ত শব?

এখন এই গ্রহে দিন যায়, শুধু দিন যায় —-

ব্লেইকের নার্স-মাসির কন্ঠে “ঘরে আয়” 

বাইরে ভিতরে বেজে চলে সারা রাত্রি দিন।

“আজ” এক উট, বইছে “কাল” এর  রূপা-ঋণ।


–----


ঘুম ঘর