প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...
Showing posts with label এই বাসা ব্যালকনী ও এই চারাগাছ. Show all posts
Showing posts with label এই বাসা ব্যালকনী ও এই চারাগাছ. Show all posts

Monday, July 31, 2017

মাধুকরী




মাধুকরী

নদীনালা, টিলা, ঝোপ ও
খাল বিল  ছাড়া
এখন  আমার আর
খুব বেশী দাবীদাওয়া নেই।
বড়জোর ম্লান জ্যোৎস্না
বৃষ্টিশেষে ভেজা মেঠোপথে।
পথপ্রদর্শক বলতে
ঠ্যাং খোঁড়া বিধর্মী কুকুর।
এই বেশ। তবে
কে বলেছে মায়া নেই?
ঢের মায়া লেগে আছে শৈশবস্মৃতির থেকে
অপত্যের গাল ছুঁয়ে
ভৈরবীর উতলা আঁচলে ...
বহু মায়া মিশে আছে যতি চিহ্নে, অক্ষরে ও
রাতভর মফস্বলি বৃষ্টি বাদলে ...

যদিওবা নিতে চাই তবু
এতোসব একা আমি
নেবোবা কিভাবে? ...

দেশান্তর



দেশান্তর

একটি দেশের কথা বল
যে দেশে নদীর নাম
আজো বেত্রবতী…

একটি দেশের কথা বল
যে দেশের রাজা নেই অথচ প্রাসাদে
মায়া ও বিষাদ নামে
দুটি পরী আছে, মাঠ আছে
মাঠে মাঠে রাখালেরা আছে।
রাজকন্যা নেই, তবু
তারই খোঁজে প্রাসাদের কাছে
দ্বিপ্রহরে রাখালেরা আসে –

তাদের রক্তের ভিড়ে
পুণ্যপাপ মিলেমিশে আছে।

একটি দেশের কথা বল
যে দেশ মৃত্যুর নয়, তবু
মৃত্যুর বুড়ি ছুঁয়ে আছে…

Tuesday, July 25, 2017

বাজে পোড়া বটগাছ গুলি

বাজে পোড়া বটগাছ গুলি


সমাপিকা ক্রিয়াগুলি
কখন এ বিদেশ ছেড়ে
চলেগেছে তার
হদিশ কেবল জানে
ঘোড়ানিমবৃক্ষ আর
বাজে পোড়া বটগাছ গুলি


এ কার স্বদেশস্মৃতি
বর্শাফলা হয়ে আজো
বিদ্ধকরে বর্ষারাতে
কুরুক্ষেত্র মাঠের মাটিকে?
শেফালি কি ফোটে তবে
অদ্যাবধি কোনো জংঘা
 স্তন, নাভি,
কোমরের বাঁকে?
সমাপিকা ক্রিয়াগুলি
ত্রিসন্ধ্যার ঘোরে
আজো ডাকে
মাইলফলকহেন …

বাজে পোড়া বটগাছগুলি
ছায়াদেয় গভীরে এখনো।

Thursday, June 8, 2017

জনৈক হকার উবাচ


জনৈক হকার উবাচ
  ===================  

এই যে উপস্থিত দাদাদিদিরা! 
 এই যে ফাস্টকেলাস,সেকেন্ডকেলাস,এসি-পাঠকপাঠিকারা  
 সীট না পেয়ে মেঝেতে বিছানাপাতা এবং বাংকে পাঝুলিয়ে বসা-পাঠকপাঠিকারা!
  মুদ্রণযন্ত্রের কৃপাধন্য আমার এতাবৎ অক্ষরগুলি যদিও এখন আপনাদেরই আইনি সম্পত্তি, 
এগুলি নিয়ে আলোচনা,বিশ্লেষণ,সমালোচনা, তিরস্কার, পুরষ্কার সমস্তেরই আপনারাই মালিক, তথাপি,
 হে “শ্রদ্ধেয় দাদারা ও মায়েরা”, 
 হে ফাস্টকেলাস টু লাস্টকেলাস বাণিজ্যসফল, হে ফাস্টকেলাস টু লাস্টকেলাস লিট্ল-ম্যাগী, 
 আমার অক্ষরগুলি তো দূরস্থান, আমার একটি যতি,ড্যাশ্,হসন্তও  আপনাদের জন্য লিখিত নয়। 
 আমার প্রতিটি অক্ষর, যতি, ড্যাস্,হসন্ত প্রথমতঃ আমার নিজেরি জন্য লিখিত।
 দ্বিতীয়তঃ তারা, হয়, সেই এক দুইজন, বড়জোর সাত দশজনের জন্য 
 যাদের দু চারজন হয়তো এই ট্রেনেই আছে আপনাদের মহিমার আড়ালে। ছদ্মবেশে। আর 
 বাকী দু চারজন হয় এই ট্রেন্ মিস্ করে কোনো গঞ্জের ইষ্টিশানে দাঁড়িয়ে অপেক্ষা করছে পরের গাড়ির। হয়ত 
 আর যে এক দু’জন তারা সবেমাত্র পার হল বুড়ো বটতলা। হয়তো 
তাঁদের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটবেনা এ যাত্রায়, এ যাত্রায় 
 তাঁদের আলোচনা,বিশ্লেষণ,সমালোচনা, তিরস্কার, পুরষ্কার হয়তো অজানাই থেকে যাবে আমার। তথাপি 
 আমার প্রতিটি অক্ষর শুধু তাদের জন্যই কেননা  
আমার নিশ্চিত বিশ্বাস এই, যে, পারের কড়ি হিসেবে 
 অচল পয়সার থেকে ফাঁকা পকেট ঢের বেশী নিবিড় সম্বল।

ঘুম ঘর