প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, January 28, 2021

আমার বাজারহাট কথা

 আমার বাজারহাট কথা

বাজারে যাই না আমি , যাই নাই আমি

প্রায় কোনদিনই । গেলেও এসেছি হেরে

দরদাম ও দোকানীর কাছে । তাই আমি আপনার মনে

বাজার বসাই এক কোণে । তরিতরকারি,শাক,মাছ মাংস এনে

সাজাই বাজারটি কে যে ভাবে কুমোর

সাজায় প্রতিমা তার রাত্রিদিন এক করে

স্বেদে ও শোণিতে।

 

তরিতরকারি,শাক,মাছ,মাংস, ফুল বেলপাতা আর গাঁজা ও চোলাইখানা হয়ে

শেষপাতে আঁকি সেই "জন্মজিৎ হোটেল "আর সেই কানা গলি

যেখানে অন্ধকারে আমার বোনেরা

রাত্রি জাগে চিতাবাঘ হয়ে।

আমার বাজারে এসো তোমরা সকলে -

খোঁড়া ,কানা,বেঁটে, লম্বা, সৎ-অসৎ, হাবা,

তুমি ধূর্ত মধ্যবিত্ত আর তিনি ঘৃণ্য বাবু, বড়লোক

আমার বাজারে এসো তোমরা সকলে।

আমার বাজারে যত দোকানই থাকুক তবু

দোকানদার আমি একা । তাই জেনে রেখো

দরে দামে সুনিশ্চিত

কেউই ঠকবে না।

স্ব ইচ্ছায় বারম্বার ঠকে গিয়ে আমি

সম্পূর্ণ নিঃস্ব হলে, জেনো,

ভিটেবাড়ি বিক্রি করে

ভোজ দেবো তোমাদের ডেকে।

 

২৮/০১/২০২১

ঘুম ঘর