প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...
Showing posts with label নিরালোক চক্রবাল ছুঁয়ে. Show all posts
Showing posts with label নিরালোক চক্রবাল ছুঁয়ে. Show all posts

Tuesday, March 26, 2013

‘শোলে’








‘শোলে’
রাত নেমেছে গাঁয়ের পথে, ঘরে
হঠাৎ দূরে খুরের শব্দ, কার?
গব্বর সিং ডাকু’র পায়ের সাড়া?
মশাল পোড়ায় নিঝুম অন্ধকার –

প্রতিশোধের আগুন খেলার নীচে
নিঝুম রাতে পাতার বাঁশি বাজে,
রাখাল সে নয়, তবুও তারি সুরে
দুঃখিনী এক রাজার মেয়ে সাজে –

‘ঘুমাও বাছা, ঘুমিয়ে পরো, চুপ!
নইলে ডাকাত গব্বর সিং এসে ...’
বলতে গিয়ে মায়ের মুখে ছায়া,
জান্‌লা দিয়ে তাকালো সন্ত্রাসে –

স্বপ্ন দেখে টাঙ্গাওয়ালী মেয়ে
ঘর হবে তার, শহরে, দূর দেশে—
‘লোক’টি মাতাল –এ’তো সবার জানা
তবুও তাকে ‘লোকটি’ ভালবাসে...


প্রতিশোধের আগুন নিভে গেলে
রিক্সা নেই, পায়ে হেঁটেই ফেরা,
রাত নেমেছে মফস্বলের পথে –
একলা ‘বীরু’ চিতায় আগুন জ্বেলে

যাচ্ছে দূরে, জানিনা কোন দেশে –
পড়ছে মনে সেই যে চেয়ে থাকা
দুঃখী মেয়ের, দূরের জান্‌লা থেকে
প্রদীপ গুলি নিভছে একে একে ...
 ...

রিক্সা নেই, পায়ে হেঁটেই ফেরা,
মা নাহলে বাবার কোলে চেপে
হাজার বছর পেরিয়ে এসে দেখি
আমার ছেলে তেমনি রাত জেগে

দেখছে ছবি প্রতিশোধের শেষে
বন্ধু থাকে, ভালোবাসাও, আর
অন্তবিহীন ডুব সাঁতারে আমি
চলেছি ফের তেপান্তরের পার ...

[ রমেশ সিপ্পি’কে’]

Friday, March 15, 2013

‘কাছে থেকে দূর রচিল ...’






‘কাছে থেকে দূর রচিল ...’

দূরের দেশে সন্ধ্যা নেমে এলো
পথের পাশে পুকুরে কার ছায়া?
দূরের দেশে প্রদীপ জ্বালা হলো,
দাওয়াতে কার মলিন আলো-মায়া?

আজকে রাতে এই গ্রামেতেই আমি
অতিথ হয়ে থাকবো কারো ঘরে,
রাত কাটাবো বারান্দাতে শুয়ে –
পেরিয়ে আসা পথের গল্প করে।

দূরের দেশে আমার কথা গুলি
শুনতে পাবে একটি দু’টি তারা,
গল্পে গল্পে ফুরিয়ে এলে রাত
ডাকবে পথে যাচ্ছে দূরে যারা –

গ্রামসীমাটি পেরিয়ে যাওয়ার আগে
আরেকটিবার দেখবো পিছন ফিরে,
দূরের দেশে একলা আমার বোন
দাঁড়িয়ে তখন ভোরের নদীর তীরে।।

Friday, March 8, 2013

অনেক রাতের কবিতা





অনেক রাতের কবিতা

অনেক রাত। চরাচর ঘুমে। আকাশে চাঁদ।
তারার চিহ্ন। নগরের মাঝামাঝি ফ্ল্যাট। ব্যালকনী থেকে বহুদূর দেখাযায়। যদিও নগরী হাড্ডাহাড্ডি, খুনোখুনি তবু 
এরকম রাতে মনেহয়কোথাও শান্তি আছে।
একদিন ভেসে যাওয়া মেঘের পর্দা ছিঁড়ে নেমে এসে কেউ 
পৃথিবীকে বলে যাবে আজো তার থাকার সংবাদ।
এরকম ধ্যানঘোরে কবিতার জন্ম হয়। মনেহয় যেন
সবারি দাওয়ায়, ঘরে, ফুটপাতে, চিলতে উঠোনে 
নবান্নের গান হবে ভোরে।
এরকম মধ্যরাতে বিশ্বাসে বিশ্বস্ত হতে সাধ যায়। তবু
সেই একই প্রশ্ন আসে ঘুরে ফিরে ভিখারীর মতো –

নচিকেতা, যমের উত্তরে তুমি সন্তুষ্ট হয়েছিলে না’কি?

 **


পিঁপড়ে সেনা

‘কোথায় আলো’?
কেউ জানেনা,
বালির দুর্গে পিঁপড়ে সেনা
করছে জড়ো
আলোর কুচি –
অন্ধকারে
পাতাল পথে
আলোর পথিক যাচ্ছে দ্রুত –
মশাল ছাড়াই
চলছে সবাই
যে যার আলো সঙ্গে নিয়ে ...

‘কোথায় আলো’?
কেউ জানেনা,
বালির দুর্গে করছে জড়ো
আলোর ফেনা –
পিঁপড়ে সেনা।

 **




তোমার যাত্রার পথ
জলেরো পূর্বে জাত অশ্বারোহী তুমি
ছুটে গেলে অন্ধকারে, চক্রবাল ছিঁড়ে –
পথিক জ্বাল্‌লো বাতি, শিকারী মশাল,
বৃদ্ধা দাওয়াতে এলো কূপী হাতে নিয়ে –
অবিশ্বাসী ঊর্ণাজাল বুনে গেলো, আর
বিশ্বাসী প্রণাম করলো নতজানু হয়ে।
রাত্রির সূচীভেদ্য একই অন্ধকার
আলো হলো নিজ নিজ বাতির বলয়ে ...

তোমার যাত্রার পথ এভাবেই উদ্ভাসিত
নানাবিধ এইসব বর্তিকাকে ছুঁয়ে।।

Saturday, March 2, 2013

ঢেকেছে সব ঝরাপাতায়, ঘাসে...





ঢেকেছে সব ঝরাপাতায়, ঘাসে...


এখানে ছিল দিঘির মতো মাঠ,
ঘাট ছিলনা, ছিল রাখাল, বাঁশি –
নাকছাবি কার হারিয়েছিল ঘাসে,
সুখ ছিল খুব দুঃখ ছিল বলে।
এই পথে তার আসা যাওয়ার পায়ের চিহ্ন ছিল –
ঢেকেছে সব ঝরাপাতায়, ঘাসে...

ঝরাপাতা কুড়িয়ে ভাইবোনে
এখন ফেরে ঘরের পথে বুঝি?
ইচ্ছে করে দৌড়ে জেনে আসি
তারা কি তার খবর পেলো নাকি ...

ঘুম ঘর