প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...
Showing posts with label সোনালি সিংহের গল্প. Show all posts
Showing posts with label সোনালি সিংহের গল্প. Show all posts

Friday, February 15, 2013

“নাস্তিকের জপতপ”






“নাস্তিকের জপতপ”


হে নাস্তিক
তোমার জপতপের ওপারে
একটি যে তারা জ্বলে থাকে
তিনি মা সরস্বতী।

আস্তিক্যের শূন্যগর্ভ দম্ভ থেকে পালিয়ে
এই তাঁর অন্তিম আশ্রয়।

এবং আমারো ...


[কবি দেবদাস আচার্য’কে]

মা সরস্বতীর যা করনীয় ছিল ...





মা সরস্বতীর যা করনীয় ছিল ...

পাহাড়ের দূরে বাঁকা চাঁদ,
আধোরাত, কুয়াশা-মশারি
ভেদ করে চলেছে বাতাস,
উড়ে যায় একা রাজহাঁস –

বেজে ওঠে বীণা, সরস্বতী
ধীরপায়ে নেমে নিরক্ষর
ছোট এই পাহাড়িয়া গাঁয়ে
নিজহাতে রাখেন সাজিয়ে

অ আ ক খ বইগুলি, দোরে –
উড়ে যান কাক ডাকা ভোরে।।

Friday, February 8, 2013

কবিতার প্রতারিত ঊরুসন্ধি থেকে ...





কবিতার প্রতারিত ঊরুসন্ধি থেকে ...

দূরের গোধূলিপথে কে এক রাখাল যাচ্ছে গাভী নিয়ে ফিরে,
পায়ে পায়ে ধূলো উড়ছে, উড়ে যাচ্ছে মেঘ, ছায়াপথ ...
দু চোখ বন্ধ করে আমি সেই ছায়া দেখি, দেখি চলে যাওয়া –

স্মৃতির সকল গাভী যূথবদ্ধ করে 
পাড়ি দেবোআমিও কখনো জ্যামিতিক এ জানালা পেরিয়ে ...

তার আগে নিজহাতে মুছে দিতে হবে
সমূহ পাপের চিহ্ন কবিতার প্রতারিত
ঊরুসন্ধি থেকে...

Tuesday, February 5, 2013

‘পিঞ্জরে বসিয়া শুক’



‘পিঞ্জরে বসিয়া শুক’

খাঁচার পাখিটি নাকি পাখিটির খাঁচা
এই শেষ কুয়াশায় এসে
লুপ্ত পাপ, ধর্মবোধ, সমূহ কবচ –

লখাই’এর খাঁচা দেখে শহরের বাবু স্তব্ধ, মুগ্ধ বিবিরা,
লখাই’র পুলক তবু পাখিটির ক্ষতকে খুঁচিয়ে ...
অথচ বনের পাখি ডাক দেয় যদি
খাঁচার পাখিটি বুঝি সততই ভীত?
সততই শক্তি তার ‘নাই উড়িবার’?

বনের পাখিটি, হায়, ভয় করে খাঁচা –
সে জেনেছে মহানীল, মানচিত্র ছিঁড়েফেলা একা পারাপার ...


কেবল আড়ালপুরে 
কে আজো দিবসে রাতে ভেবে মরে নীরবে একাকী
‘পাখি যদি উড়ে যায় তবে
    শূন্য এই খাঁচাখানি কার? ...’



[ কমলকুমার মজুমদার স্মরণে]

Monday, February 4, 2013

জীবনানন্দকে





জীবনানন্দকে

শুধুমাত্র অক্ষরের দীপ্তিহেতু প্রণামের মতো
শেষতম কবি তুমি
রূপসী এ বাংলা ভাষাতে –

‘শুধুমাত্র অক্ষরের দীপ্তি ভরসা করে
প্রণম্য হয়ে থাকা যাবে’? –
স্বয়ং রবীন্দ্রনাথও এই কথা ভেবে
বহুরাত না ঘুমিয়ে
আম্রকুঞ্জ, উদয়ন ও পাঠশালা গড়ে
তবুও প্রণম্য আজো
সুরে আর নিহিত অক্ষরে।

রবীন্দ্রনাথের গান আর শুধু তোমার অক্ষর
এখনো প্রকৃত অর্থে যাবতীয় যোগ-রোগ-মিছিলের থেকে
নিমেষান্তে ডেকেনিয়ে মর্মমূলে লিখে দিতে পারে
পাখির নীড়ের মতো চিরায়ত অমল আশ্রয় –

তবু শুধু তুমি একা জেনেছো গহনেঃ
‘মানুষের তা’ই হলো, যা হবার নয়’...

ঘুম ঘর