প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...
Showing posts with label “. Show all posts
Showing posts with label “. Show all posts

Wednesday, June 22, 2022

"ইনভিসিবল ম্যান"

  "ইনভিসিবল ম্যান"


সেলাম, চেস্টারটন সাহেব, আবারো আপনাকে।

পিওনকে মানুষ হিসেবে ধর্তব্যে আনেনি তারা, তাই

চিঠিব্যাগে হয়ে চলে গেলো ধর্তব্যের ম্যাপ পার হয়ে।

যে মহিলা মেয়েদের এঁটো থালা পুরুষে উঠিয়ে রাখতে গেলে

সশংকিত কেড়ে নেয় পাপ হবে বলে, দেখুন চেস্টারটন সাহেব,সেই মহিলাই

রেস্তোরাঁয়, অবলীল অঙ্গুলি হেলনে

পুরুষ বেয়ারা ডাকে, তুলে নিতে বলে

এঁটো থালা, গ্লাস বাটি, হাতমোছা কাগজ ন্যাপকিন

কেননা বেয়ারা, হয়, অদৃশ্য, আপনার গল্পের মতো,

ধর্তব্যে আসেনা। অতএব তার আবার লিঙ্গ ভেদ! হা হা!!

 হে চেস্টারটন সাহেব, তারা কি ভাবেনা

এইসব "অদৃশ্যেরা", আপনার কাহিনির মতো

যদি কোনোদিন ... 

" আরে নাহ, গল্পের বই পড়ে পড়ে আপনার মাথাটাই গ্যাছে। চা না কফি? বলুন বিশ্বাসবাবু, এসব ছাড়ুন"।


Wednesday, February 23, 2022

তোমার দিব্য বিভা

 তোমার দিব্য বিভা

তোমার দিব্য বিভা আমি আর পারিনা সহিতে।
শিরায় শোণিত নয়, স্বাতী নক্ষত্রের জল, দৈব সুষমা
আমার মরণকাঠি। আমি আর বহিতে পারিনা।
#
বালকের পারিজাত মোহ অকৃত্রিম, তবু কল্পনার। 
অতএব তার তরে অদ্য কোনো বাঞ্ছা নাই আর।
হতে পারো পমেটম-ধন্যা সুহাসিনী? রক্ত বিষ যার?
#
নিয়েছি চণ্ডাল বৃত্তি স্ব ইচ্ছায়, তবু, হত্যাকারী হতে কেন
আজো বাধে? জানিনা সঠিক। জানিনা পুণ্যে কেন
এতো ঘৃণা, পাপ শব্দে কেন এতো প্রীতি, হে আমার
#
যদিও দুই ই হয় দুটি পিঠ একটিই অচল মুদ্রার
তবু তুমি দিব্য বিভা, মাকড়ের জালে বোনা দৈব সুষমার
মোড়কে প্রত্যহ আরো আমার মরণকাঠি। আমি প্রতিকার
#
হেতু কোনো আংটি বা মাদুলি নেবোনা। ফিরত চাইবোনা কোনো
বিগত বৎসর। শূধু চন্ডাল থেকে খুনী সাজতে এতাবৎ অনীহা আমার।

Tuesday, February 22, 2022

নীল

 

নীল
"Just the longing for the distant 

With a strange unknown despair…"  Alexander ব্লক



পাখির নীড়ের মতো চোখ।
পাখিটির মতো দৃষ্টি
স্নাত হোক দুপুর-সূর্যের নীল রোদে।
যে নীল গিয়েছে দূরে,
দূরে দূরে, শাল আর শাল্মলী দল
তোমাকে পেরিয়ে গেছে উড়ে।
#
দুপুর-সূর্যের নীল
মুহুর্তে কোথায় যায় উড়ে?
জানো তুমি? কেউ জানে?
ভাবো যাবে ততো নীল দূরে?
কি আছে সে নীলের ওপারে?
ময়নাদ্বীপ? নাকি শুধু শকুনেরা ওড়ে?
#
ইচ্ছা আর আচ্ছাদিত বিষাদের ঘোরে
তোমার রাত্রিদিন
নীল রোদে পোড়ে।

Monday, February 21, 2022

পুরনো আয়নার মতো

 

পুরনো আয়নার মতো
পুরনো আয়নার মতো
তোমার প্রথম ছায়া
আগলে বসে আছি।
প্রতিফলনের ভয়ে
যাইনা সূর্যালোকে,
নগ্ন জ্যোৎস্নাতেও।
তুমি আসবে এ খবর
মাঝে মাঝে বাতাস রটালে
ভীতি জাগে। তুমি আসবে,
ফিরে আসবে
ভিন্ন, নতুন ছায়া নিয়ে?
আমার আয়নার কাঁচ
টুকরো হয়ে যায় যদি
নুতন এ ছায়াটিকে
বুকে নিতে গিয়ে...

প্রস্তাব

 

প্রস্তাব
আত্মঘাত প্রমাণিত হলে
ফিরে যাবে পারাবত গুলি
কোনো বার্তা, কোনো পত্র
না রেখেই নির্দিষ্ট কোটরে।
আত্মঘাত প্রমাণিত হলে
দুর্গের দখল নেবে
শকুনি,শেয়াল।
তথাপিও তোমাদের ঋদ্ধ হাত গুলি
হত্যাকাজে অসংহত, তাই
আমি এই আত্মঘাতটিকে
দুর্ঘটনা, অঘটনহেন
কোনোও প্রচ্ছদে চাই
আগাগোড়া যত্নে মুড়ে দিতে।
এইটুকু সমব্যথা, হার্দ্য সহায়তা
চাইতে  পারি কি আমি
করজোড়ে
তোমাদের কাছে?
#
ভুলে শুদ্ধে তোমাদের দুর্গ দুয়ার
আমিই কি রাখিনি আগলে
প্রথম পংক্তি থেকে
এতাবৎ
প্রতিটি অধ্যায়ে?

খা

 খা





খা।

কেড়ে খা। ছিঁড়ে খা। তোরা

ঘাড় মটকে

রক্ত খা

এইসব রক্তপিপাসুর। সং দের

বানানো বিধানে

তোদের অধিকার শুধু

রক্ত জল করে

জোঁকদের মদ যোগানোরই।

সং দের বানানো বিধানে

জোঁকদের সমস্তই 

স্বীকৃত, আইনসম্মত 

সব দেশে, সব কালে

ধর্মের, বাণিজ্যের

কষ্টিপাথরে

আর

বিধিরও বিধানে।

অতএব কেড়ে খেতে হবে।

অতএব কেড়ে নিতে হবে।

এদের ধর্ষণ, খুন, জ্যান্ত পোড়ালেও

পাপটাপ হয়না আদতে।

ওরা খায়

ফেলে ও ছড়িয়ে তাই

তোদের ধর্ম ছাড়া

কিচ্ছু নেই, কিচ্ছু ছিলোনা 

খালি পাতে। পাত, পাতা,

সেও ত কবেই

পুড়িয়ে পুড়িয়ে ওরা

সংঘে সংঘে

হাতপা সেঁকেছে।

তাই বলি খা। কেড়ে খা, ছিঁড়ে খা তোরা

ওদের অস্থি, মজ্জা,  মাংস

নিজহাতে। 

আমাকেও ছিঁড়ে খাস তোরা

যদি মনেহয় আমি

তলে তলে ওদেরই দলের। যদি

মনেহয় আমি

বিন্দুমাত্র আস্থা রাখি

সং দের বিধানে বা

সং দের

সভা, পরিষদে।

তবু খা।

কেড়ে খা, ছিঁড়ে খা তোরা

ওদের রক্তমাংস, সংবিধান, গণতন্ত্র 

আর সব

শান্তিবানী, মিলিটারি দ্বারা প্রচারিত।

ঘুম ঘর